লন্ডনে শুরু রেইনবো উৎসব, প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা
লন্ডনের জেনেসিস সিনেমা হলে আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী এই আয়োজনে বিশ্বের ১০টি দেশের ২৫টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যেখানে বাংলাদেশের ছয়টি সিনেমা বিশেষ জায়গা করে নিয়েছে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। তবে এবারের উৎসবে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে এবং মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি উৎসবের দ্বিতীয় দিন ১৮ মে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে।
যান্ত্রিক জীবনের বাইরে চরের মানুষের জীবনসংগ্রাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক বলিষ্ঠ বার্তা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, “আন্তর্জাতিক মঞ্চে দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করা গর্বের। ‘নয়া মানুষ’ মূলত সম্প্রীতির কথা বলে, যা বর্তমান প্রেক্ষাপটে এক ধরনের শৈল্পিক প্রতিবাদ।” উল্লেখ্য, সুপার সাইক্লোন সিত্রাং-এর প্রতিকূল আবহাওয়ার মধ্যে চাঁদপুরের দুর্গম চরে সিনেমাটির চিত্রধারণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন আশিস খন্দকার, রওনক হাসান, মৌসুমি হামিদসহ একঝাঁক শিল্পী।
‘নয়া মানুষ’ ছাড়াও বাংলাদেশ থেকে নির্বাচিত অন্য সিনেমাগুলো হলো- ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবং ‘দ্য স্টোরি অব আ রক’। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশি চলচ্চিত্রের এমন জোরালো উপস্থিতি দেশের সিনেমাশিল্পের জন্য এক ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী ২৩ মে পর্দা নামবে উৎসবের এই আসরের।

মন্তব্য করুন