কারিনা কায়সার মারা গেছেন

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগ্রহীত


লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। মৃত্যুকালে কারিনা কায়সারের বয়স হয়েছিল ৩০ বছর। তিনি বরেণ্য দাবাড়ু রানী হামিদ-এর নাতনি। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। 


একই সঙ্গে Hepatitis A ও Hepatitis E-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ফুসফুসের চিকিৎসা শুরু করা হয়েছিল এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট দর্শকদের কাছে বেশ সমাদৃত ছিল।


 ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা, অভিনয়শিল্পী ও ভক্তরা। শনিবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পরিবার।