দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, দেশে ফিরেছেন তানিয়া বৃষ্টি

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হচ্ছে।


 অভিনেত্রীর অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি তানিয়া বৃষ্টির সুস্থতা কামনা করে জানান, এখনো পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছেন তিনি। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ প্রথমবার তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। তবে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।


 সেখানে গত ৯ মার্চ এমজিএম হাসপাতাল-এ তার মাথায় দ্বিতীয়বার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং পরদিন ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চেন্নাইয়ে মোট ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, মাথার জটিল অস্ত্রোপচারের কারণে তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং কোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে।


 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী মাসের ১০ তারিখ আবারও ফলোআপের জন্য চেন্নাই যেতে হবে তাকে। এদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি লিখেছেন, ‘অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন’। ভক্ত ও সহকর্মীদের প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরবেন—এমন প্রত্যাশা সবার।