ঈদের আগে সোনার দাম সমন্বয়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের (ভরিতে ১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 


নতুন দাম বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


 নতুন সমন্বয় অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৪ মার্চও সোনার দাম সমন্বয় করা হয়েছিল; তখন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়।


 চলতি বছর পর্যন্ত দেশের বাজারে মোট ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ২৬ বার দাম বৃদ্ধি এবং ১৮ বার দাম কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।