দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।


 বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা।


 এর আগে গত ১৬ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে।


 এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।