দেশে টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের বাজারে অবশেষে টানা কমতে শুরু করেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) সরবরাহ বৃদ্ধি এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে টানা তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৭ বারই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে টানা শেষ তিন দফায় প্রতি ভরিতে মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমানো হয়েছে। 


 বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দরেই বৃহস্পতিবার (২১ মে) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। এর আগে গত ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।


 চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।


 চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার; যার মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।