আজ ব্যাংক খোলা, জেনে নিন লেনদেনের সময়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের দীর্ঘ ছুটির আগে ব্যাংক খোলা থাকবে আর মাত্র দুই দিন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ দুই দিন ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে।


 এরপর সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে।


 এসব শাখার অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ), বিইএফটিএন ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। একই সঙ্গে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা বহাল থাকবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটির মধ্যেও আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।