লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩১

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :


দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরই এই হামলা চালানো হয়।


 ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটিই অন্যতম বড় হামলা। এক রাতেই হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। সোমবার (২৫ মে) নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে ‘আরও কঠোর পদক্ষেপ’ নিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র করা হচ্ছে।


 তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থল অভিযানে বড় ধরনের সেনা মোতায়েন করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা বলয়ও জোরদার করা হচ্ছে। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষই বারবার তা লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


 এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।