আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। শুক্রবার (৩ এপ্রিল) রাতের এই ভূকম্পনে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও একজন।


 জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর এই কম্পনের মাত্রা আরও বেশি, প্রায় ৬.২ বলে উল্লেখ করেছে এবং গভীরতা ১৯০ কিলোমিটার বলে জানিয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে জানা গেছে, কাবুল প্রদেশের বাগরামি জেলায় এই ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হন। 


আহত একজনের অবস্থা গুরুতর। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ একজনকে উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে। ভূমিকম্পটি শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি; এর প্রভাব ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।


 এছাড়া ভারতের রাজধানী দিল্লি, জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। দেরাদুনসহ বেশ কয়েকটি শহরে বহুতল ভবন থেকে লোকজন খোলা স্থানে আশ্রয় নেন।


 তবে ভারতের অংশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত সক্রিয় হওয়ায় এখানে মাঝেমধ্যেই এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে, যা দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রভাব ফেলতে পারে।