বাংলাদেশে সীমান্তে হঠাৎ শত শত মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :


পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন নির্দেশনার পর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের মাঝে নিজ দেশে ফেরার প্রবণতা বেড়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত নির্দেশিকা জারির পর সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।


 মঙ্গলবার (২৬ মে) সকালে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে জড়ো হন। প্রশাসনের কড়া অবস্থানের কারণে তারা আইনি জটিলতা এড়াতে স্বেচ্ছায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। এদিকে, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “এদের অবিলম্বে চলে যাওয়া উচিত।


 না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন জেলে রেখে সরকারি অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। এখন থেকে পুলিশ তাদের আটক করে বিএসএফ-এর হাতে তুলে দেবে এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আটক বিদেশি নাগরিকদের সাময়িকভাবে রাখার জন্য প্রতিটি জেলায় বিশেষ ‘হোল্ডিং সেন্টার’ স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে মালদার ইংরেজবাজারে প্রথম কেন্দ্র চালু হয়েছে এবং মুর্শিদাবাদেও একই ধরনের কেন্দ্র তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।


 সীমান্তে অপেক্ষমাণ কয়েকজন জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ ও পুলিশের তৎপরতার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফলে গ্রেপ্তার কিংবা আইনি জটিলতা এড়াতে নিজেরাই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ সীমান্ত এলাকায় বিপুল মানুষের সমাগমে স্থানীয়দের মাঝেও উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে প্রশাসন।