এক ঘণ্টা পানিতে তলিয়ে ছিলেন রাহুল,ফুসফুসে বালি-নোনাজল
দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। রোববার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তার ফুসফুসে বিপুল পরিমাণ বালি ও নোনাজল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টা পানির নিচে তলিয়ে ছিলেন তিনি। গভীর পানির চাপ ও চোরাবালির প্রভাবে তার শরীরে বালি ও নোনাজল প্রবেশ করে। রাহুলের ব্যক্তিগত গাড়িচালক জানান, তিনি সাঁতার জানতেন। তবে হঠাৎ পরিস্থিতিতে হয়তো নার্ভাস হয়ে পড়েছিলেন বা পানির গভীরতার কারণে নিজেকে সামলাতে পারেননি।
শুটিং ইউনিটের কয়েকজন সদস্য তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, শুটিং স্পটে জরুরি চিকিৎসা সহায়তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। দ্রুত চিকিৎসা পাওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মনে করেন তিনি। সোমবার সকালে তমলুক হাসপাতালে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ভিড় করেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য জানান, রাহুলের মরদেহ কলকাতার বিজয়গড়ে তার বাসভবন সংলগ্ন ভোলা বসু ভবনে রাখা হবে, যাতে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পরে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে টলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন