বেইলি সেতু ধসে খালে ট্রাক, বন্ধ ১০ রুটের যোগাযোগ

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় আলুবোঝাই একটি ট্রাক বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের অন্তত ১০টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি স্থায়ী পাকা সেতুর নির্মাণকাজ চলমান থাকায় পাশের পুরনো বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। 


দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অতিরিক্ত আলুবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় মাঝখান থেকে ভেঙে পড়ে। ট্রাকটি সেতুসহ খালে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেতু ধসে পড়ায় আঞ্চলিক মহাসড়কটির গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেতুর দুই পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের পরিবহন আটকা পড়েছে। যাত্রীদের খেয়া নৌকায় পারাপার হতে হচ্ছে। পাশাপাশি পণ্য পরিবহন এবং জরুরি রোগী পরিবহনেও বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা সুমন বেপারী বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত ১০টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ এবং দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল করে। বর্তমানে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


 মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, বেইলি সেতুটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। তবে ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি আলু বোঝাই থাকায় সেতুটি ভেঙে পড়ে। ফলে জনসাধারণকে দুর্ভোগে পড়তে হয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. রাসেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে।


 যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত সংস্কার এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, নির্মাণাধীন পাকা সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেঙে পড়া বেইলি সেতুটি বিকল্প পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছিল।