আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি-বেসরকারি অফিস
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সময়সূচি আজ রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।
ফলে দৈনিক কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আদালতের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা। এদিকে, ব্যাংকিং খাতেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস) ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সরকারের এ পদক্ষেপে জ্বালানি ব্যবহার কমানো এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন