২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, দেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা
দেশে বায়ুবাহিত রোগ হাম (মিজলস) নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৮৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে। মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগ বাড়াচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক চারজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন