ঢাকায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি, গরমের তীব্রতা বৃদ্ধি
চৈত্র মাসের মাঝামাঝি সারাদেশে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাচ্ছে। রাজধানী ঢাকাতেও গরমের তীব্রতা ক্রমেই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা নগরজীবনে অস্বস্তি বাড়িয়েছে।
আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরও ভ্যাপসা হয়ে উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, যা নগরবাসীর অস্বস্তি আরও বাড়াবে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার পরিমাণ ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াচ্ছে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। সূর্যাস্ত আজ সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে। এছাড়া, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে।
ঢাকাসহ ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন