দীঘির ‘বিদায়’ নিয়ে বাড়ছে প্রত্যাশা
ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে।
প্রাথমিকভাবে চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তবে এবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, খুব শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে এবং মুক্তির জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে দীঘি জানান, সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের দৃশ্যও এখনও ধারণ করা হয়নি। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা চলছে, খুব দ্রুতই শিডিউল চূড়ান্ত হবে।
দারুণ একটি গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে—এমন গল্প আমাদের দেশে খুব একটা দেখা যায় না।” সিনেমাটির গল্প নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। দীঘির ভাষায়, “‘বিদায়’ শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো একটি সিনেমা। এতে আবেগ, বাস্তবতা এবং জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের মনে রয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।” জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই।
বরং গল্পকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো অভিজ্ঞ শিল্পীরা।
এদিকে ‘বিদায়’-এর পাশাপাশি দীঘি আরও একটি ওয়েব সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত সেই প্রজেক্টের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, সেটিও ঈদুল আজহায় মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন