সলিমপুরে রাস্তা কাটার পর ক্যাম্প গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা, আটক ৩০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার সময় সন্ত্রাসীরা নির্মাণাধীন নতুন ক্যাম্প গুঁড়িয়ে দেয় এবং যাতায়াতে বাধা সৃষ্টি করতে সড়ক কেটে ফেলে।
রোববার দিবাগত রাত ১টার পর সদ্য প্রতিষ্ঠিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি ছোড়ে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলায় একে-৪৭ রাইফেল থেকেও গুলি ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতেই অভিযান শুরু করে। অভিযানে ২০ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রথমে র্যাব সদস্যরা রাবার বুলেট ব্যবহার করলে সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে নির্মাণাধীন ক্যাম্পটি ভেঙে ফেলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। তিনি আরও জানান, রাস্তা কেটে ফেলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। সেই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলার জন্য ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করেছে র্যাব। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ধ্বংস করা ক্যাম্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ঈদের পর স্বরাষ্ট্রমন্ত্রীর এটি উদ্বোধনের কথা ছিল। হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় সরকার। জেলা প্রশাসনের তথ্যমতে, সেখানে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।
যৌথ অভিযানের পর এলাকাটিতে পুলিশ ও র্যাবের জন্য দুটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে আলীনগর এলাকায় র্যাব ক্যাম্প নির্মাণের কাজ চলছিল।

মন্তব্য করুন