রামিসা হত্যা মামলায় দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


রাজধানীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।


 আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলায় আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনা করবেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ। এদিকে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দেন।


 রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।