পদ্মা সেতুর রেললাইনে চুরি, খুলে নেওয়া হয়েছে নাট
পদ্মা সেতুর ওপর রেললাইনের নাট চুরির ঘটনা ঘটেছে, যা ট্রেন চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সেতুর বিভিন্ন স্থানে রেললাইনের গুরুত্বপূর্ণ অংশ খুলে নেওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, পদ্মা সেতুর রেল ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে ওপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে।
তবে কিছুটা ওপরে উঠলেই লোহার গেট ও গ্রিল দিয়ে পথটি বন্ধ করা রয়েছে, ফলে সাধারণভাবে সেখানে প্রবেশের সুযোগ নেই। এরপরও অজ্ঞাত চোরচক্র রেললাইনের বেশ কিছু নাট খুলে নিয়ে গেছে। পাশাপাশি ড্রেনের ওপর স্থাপিত লোহার গ্রিলও খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সেতুর ওপর দিয়ে চলাচলরত ট্রেনগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, রেললাইনের নাট ও গ্রিলের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মা সেতু রেললাইনের নিরাপত্তা কিম্যান ফারুক হোসেন বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে চুরি প্রতিরোধে পাহারা দেওয়া। ঈদের আগে চুরির অভিযোগে আমরা দুইজনকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।” তিনি আরও জানান, “২৭ নম্বর বক্স পিলারের ভেতরে প্রবেশের কোনো সুযোগ আমাদের নেই।
এটি সবসময় তালাবদ্ধ থাকে এবং আমাদের কাছে এর চাবিও থাকে না।”
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন