নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত


কুমিল্লা থেকে ‘নাড়ু’ বলে বুকিং করা দুটি কার্টন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।


 তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দুটি কার্টন তল্লাশি করে সাতটি প্যাকেটে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কার্টন দুটি গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল।


 পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেগুলো শনাক্ত করে তল্লাশি চালানো হলে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।