মোহাম্মদপুরে হাট বসানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীর মোহাম্মদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর সূচনা কমিউনিটি সেন্টারের সামনের সড়ক ও আশপাশ এলাকায় অস্থায়ী ছাগলের হাট বসে।
এবার হাটের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর উত্তর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির এক নেতা জানান, স্থানীয় থানা বিএনপি নেতা এনায়েতুল হাফিজ এবং স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে হাট নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা যোগ দিলে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সংঘর্ষে একদিকে ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। অন্যদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি পক্ষ সংঘর্ষে অংশ নেয়।
ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে সামান্য বাকবিতণ্ডার তথ্য পাওয়া গেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন