চুরির অপবাদে দুই শিশুকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা
লক্ষ্মীপুরে মাত্র ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতরা হলো— সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস শহিদের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ হোসেন (৯) এবং ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে ও হেফজ বিভাগের শিক্ষার্থী জিহান হোসেন (১২)।
পুলিশ, ভুক্তভোগী শিশু ও তাদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মনির হোসেনের দোকান থেকে ৮০০ টাকা চুরি হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহের বশে মুজাহিদ ও জিহানকে আটক করে মনির হোসেনসহ কয়েকজন মারধর শুরু করে। অভিযোগ রয়েছে, পরে ‘চোর ধরা হয়েছে’ বলে এলাকায় প্রচার চালিয়ে শিশু দুটিকে হাত বেঁধে আরও নির্যাতন করা হয়। একপর্যায়ে জিহানের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
পরে অভিযুক্ত মনির হোসেন দুই শিশুর পরিবারের সদস্যদের খবর দেন। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশু দুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন