৯৭৮৩ লিটার তেল রেখে ‘তেল নেই’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ করে দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও অভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমাণ তেল পাওয়া যায়।


 শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পে ‘তেল নেই’ ব্যানার টানিয়ে বিক্রি বন্ধ রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।


 যাচাই করে দেখা যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন—মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত রয়েছে। তিনি আরও জানান, মজুত থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রাখায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


 অভিযানকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।