ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-এর বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। উত্তেজনা, পাল্টাপাল্টি আক্রমণ ও বিতর্কে ভরা ম্যাচের ফলেই গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল। শনিবার (২৮ মার্চ) মালদ্বীপ-এর জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। পাকিস্তানকে হারিয়ে দুই দলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে শীর্ষস্থান দখলে বাংলাদেশের জন্য জয় ছিল জরুরি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।
১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক আক্রমণ ও কর্নার পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। প্রথমার্ধের শেষদিকে মাঠে উত্তেজনা চরমে পৌঁছায়। যোগ করা সময়ে ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভারতের হেড কোচ মহেশ গাউলি হলুদ কার্ড দেখেন।
একই সময়ে ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দী এবং বাংলাদেশের কোচ মার্ক কক্সের মধ্যে বাকবিতণ্ডা হলে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। নাটকীয়তার মধ্যেই প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে রোনান সুলিভানের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পাঠান রিয়াদ ফাহিম। তার গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও উত্তেজনা অব্যাহত থাকে।
৬৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুমের শট দুর্দান্তভাবে প্রতিহত করেন তিনি।
শেষদিকে জয়সূচক গোলের জন্য চাপ বাড়ালেও সফল হয়নি বাংলাদেশ। ফলে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন নেপালকে হারিয়ে ফাইনালে ওঠাই লক্ষ্য লাল-সবুজদের।

মন্তব্য করুন