রায়ো ভাইয়েকানোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা,
লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। একমাত্র গোলের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। রোববার (২২ মার্চ) ম্যাচের ২৪তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ড আরাউহো।
জোয়াও কান্সেলো-র নেওয়া কর্নার থেকে হেডে বল জালে জড়ান এই উরুগুইয়ান সেন্টার-ব্যাক। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বার্সেলোনাকে। প্রথমার্ধে ৯টি শট নেয় তারা। বিরতির পরও চাপ বজায় রাখে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিলেও, সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। শেষদিকে পাল্টা আক্রমণে কিছুটা ভয় দেখায় রায়ো ভাইয়েকানো।
তবে গোল আদায় করতে ব্যর্থ হয় দলটি। এসময় দারুণ কিছু সেভ করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এই জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট।
এক ম্যাচ কম খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে রায়ো ভাইয়েকানো।

মন্তব্য করুন