মোস্তাফিজের ইনজুরি নিয়ে নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ইনজুরিতে পড়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় কোনো চোট পাননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি এবং বর্তমানে তিনি অনেকটাই স্বস্তিতে আছেন।


ইনজুরির পরই চিকিৎসা নেওয়ার পাশাপাশি কোনো বড় অস্বস্তিও অনুভব করছেন না মোস্তাফিজ। ইতোমধ্যে ঈদ উদযাপন করতে নিজ জেলা সাতক্ষীরায় চলে গেছেন এই বাঁহাতি পেসার।

ঈদের ছুটি শেষে চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা রয়েছে তার। টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার কথা মোস্তাফিজের। তবে মাঝপথে জাতীয় দলের দায়িত্বে নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হতে পারে তাকে। পুরো বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর।


উল্লেখ্য, ম্যাচের ৪৯তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির শট সরাসরি মোস্তাফিজের পায়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং মাঠে স্ট্রেচারও আনা হয়। তবে সবাইকে অবাক করে দিয়ে আবার উঠে দাঁড়ান ‘ফিজ’। শুধু তাই নয়, নিজের স্পেলের শেষ বলটিও করেন তিনি এবং সেই বলেই তুলে নেন হারিস রউফের গুরুত্বপূর্ণ উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখে।