লড়াইয়ের ম্যাচে জয় তুলে নিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নেমে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সহজ প্রতিপক্ষ ভাবা হলেও ম্যাচে প্রত্যাশার তুলনায় বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে লিওনেল মেসিদের। প্রীতি ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। 


যদিও ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর শেষ মুহূর্তে গোল হজম করায় কিছুটা হতাশা দেখা গেছে সমর্থকদের মধ্যে। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ছিল বিশাল। শীর্ষ সারিতে থাকা আর্জেন্টিনার বিপরীতে মৌরিতানিয়া পিছিয়ে প্রায় ১১২ ধাপ। তবে সেই ব্যবধান মাঠের খেলায় খুব একটা প্রতিফলিত হয়নি। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।


 দলের হয়ে গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে তাকে করতালিতে স্বাগত জানান দর্শকরা। মাঠে নেমে পরিচিত কিছু মুভে দর্শকদের আনন্দ দিলেও এদিন গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক। দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি মৌরিতানিয়া। বরং ম্যাচের শেষদিকে আক্রমণ বাড়িয়ে দেয় তারা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট, ফলে শেষ মুহূর্তে কিছুটা চাপে পড়ে যায় আর্জেন্টিনা।


 পরিসংখ্যানেও দেখা যায়, ম্যাচটি একপেশে ছিল না। আর্জেন্টিনা ৬৪ শতাংশ বল দখলে রাখলেও গোলের উদ্দেশে নেয় ৭টি শট, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মৌরিতানিয়া নেয় ১১টি শট, যার ৪টিই ছিল অন টার্গেটে। ফলে জয় পেলেও পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই আর্জেন্টিনার। বিশেষ করে রক্ষণভাগের শেষ মুহূর্তের ভুল এবং প্রতিপক্ষকে সুযোগ দেওয়ার বিষয়টি ভাবাচ্ছে দল ও সমর্থকদের।


 এই ম্যাচে মূলত দল ও খেলোয়াড়দের যাচাই-বাছাই করেছেন কোচ লিওনেল স্কালোনি। পরীক্ষামূলক এই ম্যাচে জয় এলেও উন্নতির জায়গা স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ১ এপ্রিল ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে এই জয় যেমন স্বস্তি দিয়েছে, তেমনি সতর্কবার্তাও দিয়ে গেল আলবিসেলেস্তেদের।