লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় সাকিব আল হাসান আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ আসরের জন্য জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।


 শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাফনা কিংস। সাকিবকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে জাফনা কিংস কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা লিখেছে, “গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন।” ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব একজন পরিপূর্ণ অলরাউন্ডার। 


দলের প্রয়োজনে যেমন ব্যাট হাতে রান করতে পারেন, তেমনি গুরুত্বপূর্ণ সময়ে বল হাতেও এনে দিতে পারেন ব্রেকথ্রু। চাপের মুহূর্তে তার আত্মসংযম ও অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করছে তারা। এর আগে ২০২৩ সালের এলপিএল আসরে গল টাইটান্স–এর হয়ে খেলেছিলেন সাকিব। সেই আসরে ব্যাট ও বল হাতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। এবার জাফনা কিংসের হয়ে নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।


 বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা রয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, তার অন্তর্ভুক্তিতে জাফনা কিংসের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে এবং আসন্ন এলপিএলে দলটির শিরোপা জয়ের সম্ভাবনাও বেড়েছে।