জন্মদিনে সাকিব আল হাসানের জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ জন্মদিন পালন করছেন।


 ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করা এই ক্রিকেটার আজ ৩৯ বছরে পা রাখলেন। সাকিব আল হাসানের জন্মদিনের আনন্দের সঙ্গে এসেছে ক্রিকেট ফ্রন্টের সুখবর। বাংলাদেশ ক্রিকেটের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাকিবকে দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখতে চান। শুধু সামনের একটি সিরিজ নয়, অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দলে রাখার পরিকল্পনা রয়েছে।


 মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক বলেন, “সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমি নিশ্চিত নই। সে শুধু আগামিকাল বা পরশু খেলে ফেলবে না। তার পুরোপুরি প্রস্তুতি থাকা প্রয়োজন। এটি কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়। তিনি যখন ফিরবেন, তখন যেন সম্পূর্ণ প্রস্তুত হয়ে ফেরেন।” যদিও সাকিবের বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, হাবিবুল বাশার মনে করেন, সাকিবের মধ্যে এখনো খেলাধুলার সামর্থ্য আছে। “


সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই, সে অন্তত ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলুক,” তিনি যোগ করেন। প্রধান নির্বাচক সাকিবকে ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করে বলেন, অভিজ্ঞ ক্রিকেটার থাকলে দলের ভারসাম্য বজায় থাকে। তবে তার পুনরায় দলের জার্সিতে ফেরা সম্পূর্ণ নির্ভর করবে আইনি সমাধান এবং মাঠে প্রস্তুতির সমন্বয়ে। সাকিবের জন্য এই জন্মদিনটি কেবল ব্যক্তিগত নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও আনন্দের বার্তা বহন করছে।