বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতে কিছুটা সতর্ক অবস্থানে ছিল আর্জেন্টিনা। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে উঠে যায় আইসল্যান্ড। 


এলার্টসন গোলের সামনে দারুণ সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এতে প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠে আর্জেন্টিনা। এরপর দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টাইনরা। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। প্রথমার্ধে আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিকো পাজ। তার সৃজনশীল পাসিং ও গতিশীলতায় বারবার চাপে পড়ে আইসল্যান্ডের রক্ষণভাগ। প্রথমার্ধে একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। 


বিরতির পর মাঠে নেমেই দলের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।  ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার জয় আরও নিশ্চিত করেন মেসি। এরপর ৮৬তম মিনিটে থিয়াগো আলমান্দা গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।  মাঝে মধ্যে আইসল্যান্ডও ম্যাচে ফেরার চেষ্টা করেছে। লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে চাপ তৈরির চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগ তাদের কোনো সুযোগ দেয়নি। ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।


 পুরো ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণের তীব্রতা এবং ম্যাচ নিয়ন্ত্রণে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর আগে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের এই জয় দিয়ে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল বিশ্বচ্যাম্পিয়নরা।