বিসিবি পরিচালকের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আসিফ আকবর-এর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী ঢাকার রমনা মডেল থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


 জিডিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম এবং ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে তাকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। অভিযোগ অনুযায়ী, টাকার একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অর্থ নগদে দেওয়া হয়। 


তবে লেনদেনের পর আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দেন বলে দাবি করেছেন অভিযোগকারী। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি। সালাহউদ্দিন ভূঞার অভিযোগ, পাওনা টাকা ফেরতের জন্য বারবার অনুরোধ করা হলেও আসিফ আকবর দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করে আসছেন। এ কারণে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি আইনি পদক্ষেপ হিসেবে জিডি করেছেন। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা আবেদনে ডিউটি অফিসার আবু হানিফ স্বাক্ষর করেছেন।


 এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় এবং মোহাম্মদ রাহাত খানকে। বিসিবির একজন পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখনো আসিফ আকবরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।