আইপিএল বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর নিয়ে আসল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। তবে কেবল অপারেটরদের মাধ্যমে স্টার স্পোর্টসে আইপিএল দেখানোর ক্ষেত্রে আপাতত কোনো বাধা দেওয়া হবে না।


 ফলে আজ থেকে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশি দর্শকরা দেশের কোনো টেলিভিশন চ্যানেল ব্যবহার না করেও স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমানে দেশের বাইরে থাকায় সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখন দেশের বাইরে আছেন। বিষয়টি একটু ভিন্ন ধরনের, তাই তিনি ফিরলে আমরা একটি সিদ্ধান্ত জানাব।“


 অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে বলেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। বিষয়গুলো আমরা বাণিজ্যিকভাবে দেখব। কোনো দেশি চ্যানেল যদি আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। 


তবে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “আমার তথ্যমন্ত্রীর সঙ্গে আইপিএল সম্প্রচার নিয়ে বেশ কিছু কথা হয়েছে। তবে এখনই কোনো মন্তব্য করতে পারছি না।” গত ৫ জানুয়ারি, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন অন্তর্বর্তীভাবে টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।


 এই সিদ্ধান্তের ফলে আইপিএল বাংলাদেশের দর্শকরা স্টার স্পোর্টস ব্যবহার করে উপভোগ করতে পারলেও দেশি চ্যানেলে সম্প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে।