১০ জন নিয়েই ব্রাজিলকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বোস্টনের উপকূলবর্তী ফক্সবোরোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। গ্যালারিতে ৬৬ হাজারের বেশি দর্শকের বড় অংশ ব্রাজিলকে সমর্থন দিলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকের ফ্রান্স।


 বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ফ্রান্স, তবে আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। ম্যাচের শুরুতেই সুযোগ পায় ব্রাজিল, তবে রাফিনিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ফ্রান্সও পাল্টা আক্রমণ গড়ে তুললেও একিতিকে হেড থেকে গোল করতে ব্যর্থ হন।


 ৩২ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ফ্রান্স। উসমান দেম্বেলের দারুণ পাস ধরে বক্সে ঢুকে ব্রাজিল গোলরক্ষক এডারসনের ওপর দিয়ে চিপ শটে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৫৬-তে নিয়ে যান তিনি। প্রথমার্ধে ব্রাজিল একাধিক শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। বিপরীতে ফ্রান্স তাদের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যায়।


 দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে ব্রাজিল। তবে ৫৫ মিনিটে ম্যাচে মোড় ঘোরে। কঠোর ফাউলের কারণে ফ্রান্সের দায়োত উপামেকানো ভিএআরের মাধ্যমে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে খেললেও ব্যবধান বাড়ায় ফ্রান্স। ৬৫ মিনিটে মাইকেল ওলিসের থ্রু পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন হুগো একিতিকে। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল। ৭৮ মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে ক্যাসেমিরোর কাটব্যাক পেয়ে জুভেন্টাস ডিফেন্ডার ব্রেমার গোল করেন, যা ছিল তার জাতীয় দলের হয়ে প্রথম গোল।


 শেষ দিকে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল, তবে সুযোগ কাজে লাগাতে না পারায় আর ম্যাচে ফেরা হয়নি তাদের। ফলে দারুণ লড়াই করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে ১০ জন নিয়ে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিল দিদিয়ের দেশমের দল ফ্রান্স।