হামের থাবায় প্রাণ গেল ১৫ জনের
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫টি মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে।
এসব মৃত্যুর ঘটনা রাজশাহী অঞ্চলে তুলনামূলক বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে দেশে হামের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যখাত। অবকাঠামো ও জনবল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।
স্বাস্থ্য বিভাগ সবাইকে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন