আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। প্রত্যাশিত স্বস্তির পরিবর্তে তার বক্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলবাজারে।


 বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০৬ ডলারে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসনে সহায়ক হতে পারে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পায়।


 বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। কিন্তু বর্তমানে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে। ভাষণে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকেই এই জলপথ সচল রাখার দায়িত্ব নিতে হবে।


 ইরানের এই অবস্থানের ফলে বৈশ্বিক তেলবাজার এখন চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়তে পারে।


 সূত্র: বিবিসি