পরিবার নিয়ে নতুন করে কিছু প্রমাণের নেই: অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস আবারও ব্যক্তিগত জীবন ঘিরে আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং ভক্তদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানান অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টে অপু বিশ্বাস লেখেন, শুধু একজন শিল্পী হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের মতো করেই ভক্তরা তাকে ভালোবেসেছেন। তার মতে, কাজের মাধ্যমেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ভক্তদের প্রশংসা করে তিনি বলেন, তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং শিক্ষা, রুচি ও মার্জিত আচরণের দিক থেকেও অনন্য। তারা সবসময় ধৈর্যশীল ও সুশিক্ষিত পরিচয় দিয়েছেন, যা তাকে গর্বিত করে। এ সময় ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে অপু বিশ্বাস বলেন, অহেতুক তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে। সমালোচনাকারীদের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা নিজেদের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারেন না, তারাই অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করেন। পরিবার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তার পরিবারই তার অহংকার এবং তাদের নিয়ে নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই।
পোস্টে ছেলে আব্রাহাম খান জয়ের কথাও উল্লেখ করেন অপু। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, যেভাবে তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, ঠিক সেভাবেই তার ছেলেকেও স্নেহে আগলে রাখার আহ্বান জানান। পোস্টের শেষে অপু বিশ্বাস স্পষ্ট করে দেন, তিনি কোনো বিতর্কে নেই; বরং ভালোবাসা ও কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান।
ভক্তদের শান্ত, মার্জিত ও ইতিবাচক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে এমন দায়িত্বশীল ও ইতিবাচক বার্তা দেওয়ায় ভক্ত ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই তারকা।

মন্তব্য করুন