সিলেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব পেট্রোল পাম্প
প্রশাসনের ‘অযথা হয়রানি’র প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা।
এতে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন। পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত হয়ে আসছে।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ‘জরিমানার আড়ালে চাঁদাবাজির’ অভিযোগ তুলে তারা বলেন, এসব কারণে বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে বলেও জানান তারা। সংগঠনের বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে নানা হয়রানির শিকার হচ্ছেন।
বিষয়টি সমাধানে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এদিকে হঠাৎ এমন সিদ্ধান্তে সিলেটজুড়ে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংকটের শঙ্কায় সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন