হামের প্রকোপে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
দেশে হামের প্রকোপ কমানো না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে বিবাদীদের ব্যর্থতার বিষয়ে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন করা হয়েছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে আজ। রিটে বলা হয়েছে, হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা অবৈধ ও স্বেচ্ছাচারী এবং সংবিধান লঙ্ঘনের সমতুল্য।
এছাড়া সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত সরবরাহ ও স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
রিটে চাওয়া হয়েছে, দেশের সব জেলায় জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ, টিকা, সিরিঞ্জ ও অন্যান্য লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি সাড়া ব্যবস্থা গড়ে তোলা হোক।

মন্তব্য করুন