ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ, আত্মহত্যা না হত্যা?

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত


  বোরহানউদ্দিন প্রতিনিধি (ভোলা):ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হ্যাঁপি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মানিকারহাট বাজার সংলগ্ন রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নিহত হ্যাঁপি আক্তার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বড়মানিকা ইউনিয়নের রাড়ি বাড়ির শাহজাহানের ছেলে লিমনের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।


পরিবারের সদস্যরা জানান, স্বামী লিমন ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি স্ত্রী হ্যাপিকে নিয়ে ঢাকার কদমতলীর বাবু বাজার এলাকায় বসবাস করতেন। সম্প্রতি ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়িতে আসেন। ঈদের ছুটি শেষে লিমন ঢাকায় ফিরে গেলেও হ্যাঁপি শ্বশুর-শাশুড়ির সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল।


এরই মধ্যে বুধবার দুপুরে তার শয়নকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ নিহতের পরিবার।হ্যাঁপির বাবা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শ্বশুর-শাশুড়ি দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করত। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”


অন্যদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে হ্যাঁপি আক্তারের মৃত্যুর ঘটনায় তার বাবার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দুই বছরের শিশুকে রেখে তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে।