সাগরে দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে

জেলা প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নূরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় তার দুই ছেলে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে আসেন।


 শুক্রবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের বয়ার চর সংলগ্ন মেঘনা নদী ও সাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের মজিবুল হকের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান নূরে আলম।


 শুক্রবার বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল ৫টার দিকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়ে প্রবল ঝড় শুরু হয়। এতে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে সাগর এবং সৃষ্টি হয় বড় বড় ঢেউ। ঝড়ের তীব্রতায় একপর্যায়ে তাদের মাছ ধরার নৌকাটি উল্টে যায়। এরপর প্রাণ বাঁচাতে তিনজনই সাঁতরাতে শুরু করেন। দুই ছেলে তাদের বাবাকে ধরে রেখে তীরে ফেরার চেষ্টা চালান। কিন্তু দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে করতে একপর্যায়ে নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। তবুও বাবাকে ছেড়ে দেননি সন্তানরা।


 নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বাবার মরদেহ আগলে রেখে টানা প্রায় দুই ঘণ্টা সাঁতরে অবশেষে তীরে পৌঁছান শাহিন ও শাকিল। স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। মাছ ধরাই ছিল তাদের জীবিকার একমাত্র উপায়। বাবাকে হারিয়ে সন্তানরা শোকে ভেঙে পড়েছে এবং প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে।


 চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।