ঢাবি মসজিদে সম্পন্ন হলো সাদিক কায়েমের বিয়ে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। আকদ শেষে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


পারিবারিক সূত্রে জানা যায়, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আনিকা পেশায় একজন চিকিৎসক এবং তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান।