রাতে ঢাকাসহ ১০ অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। 


এর সঙ্গে থাকতে পারে প্রবল বৃষ্টি ও তীব্র বজ্রপাত। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


 এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুরুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


 কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।