জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহিত

জাহিদুল ইসলাম (জাহিদ),জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে দেলোয়ার হোসেন (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। 


 শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর আপন ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। 


শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে দেলোয়ারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 


স্থানীয়রা অভিযুক্ত নবিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।