বাউফলে অসহায় বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়ে অপারেশন সম্পন্ন করালেন বিএনপি নেতা কাওসার সিকদার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. কাওসার সিকদার। সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় এক বৃদ্ধের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন দেখে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। 


সেই প্রতিশ্রুতি রক্ষা করে নিজের অর্থায়নে বৃদ্ধের চিকিৎসা সম্পন্ন করিয়েছেন এই বিএনপি নেতা। জানা যায়, ধূলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা খান এক দুর্ঘটনায় হাত ভেঙে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই মাস ধরে ভাঙা হাত নিয়ে কষ্টে দিন কাটছিল তাঁর। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না পরিবারের পক্ষে। 


সম্প্রতি মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা খানের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে একটি আবেদন জানান। বিষয়টি ধূলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. কাওসার সিকদারের নজরে এলে গত ২০ নভেম্বর তিনি বৃদ্ধের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর বরিশালের আল-শিফা হাসপাতালে তারা খানের হাতের অপারেশন সম্পন্ন হয়। কাওসার সিকদারের আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির মধ্যে। 


সংবাদমাধ্যম তারা খান বলেন, “আমার অসুস্থতার খবর শুনে কাওসার ভাই আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তিনি নিজের অর্থ দিয়ে আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন এবং অপারেশনের ব্যবস্থা করেছেন। তাঁর সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব হতো না। আমি তাঁর প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহ যেন তাঁকে ভালো রাখেন এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন।


এ বিষয়ে মো. কাওসার সিকদার বলেন, “তারা খান চাচার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর যথাসাধ্য চেষ্টা করেছি যেন তাঁর চিকিৎসা সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, আজ তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি কোনো প্রচার বা স্বার্থের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই দোয়া কামনা করছি।”