হাম উপসর্গে এক দিনে ৭ মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।


 আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


 স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জন মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে।


এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।