ভঙ্গুর অর্থনীতি স্বাবলম্বী হতে অন্তত দুই বছর লাগবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


 তথ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই দায় জনগণকে বহন করতে হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে বর্তমান সরকারকে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগামী দুই বছর যদি দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় না থাকে, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হবে না। তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে।


 তিনি আরও বলেন, দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে থাকলেও বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল। বছরে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হওয়ায় ঘাটতি বাজেট ও ঘাটতি অর্থনীতি নিয়েই দেশকে চলতে হচ্ছে।