বিল না দিয়ে বেরোনো ঠেকাতে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই বছর পর ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে কেএফসি ভবনের পাশে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এতে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটে। ঘটনার পর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষে গত মঙ্গলবার (৩১ মার্চ) ভবনের মালিকপক্ষ আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদসহ মোট ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় সংস্থাটি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনের নিচতলার ‘চুমুক’ নামের একটি কফিশপে ব্যবহৃত বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই দিন ‘লিপ ইয়ার’ উপলক্ষে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বিশেষ ছাড় থাকায় স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। আরও জানা যায়, আগুন লাগার পর দোকানের ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান প্রধান ফটকে তালা লাগানোর নির্দেশ দেন, যাতে কেউ বিল পরিশোধ না করে বের হতে না পারেন।
ফলে অনেক গ্রাহক ভেতরে আটকা পড়ে যান এবং শ্বাসরোধ হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে। সিআইডির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ব্যবস্থাপকের এই অব্যবস্থাপনা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে। এ কারণে তাকেও অভিযুক্ত করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন