বিশ্ববাজারে বড় পতন, কমতে পারে দেশের সোনার দাম
টানা কয়েকদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে বিশ্ববাজারে সোনার দামে। এতে দেশের বাজারেও স্বর্ণের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) Reuters-এর এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৮ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। দিনের শুরুতে ৪ শতাংশের বেশি পতনের পর টানা চার দিনের ঊর্ধ্বমুখী ধারা ভেঙে যায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৯ ডলারে।
বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি প্রাইম-টাইম ভাষণে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও আগ্রাসী হামলার ইঙ্গিত দেন, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ক্যাপিটাল ডট কমের সিনিয়র বিশ্লেষক কাইল রড্ডা বলেন, ট্রাম্পের বক্তব্য এবং সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা সরাসরি সোনার বাজারে প্রভাব ফেলেছে। একই সঙ্গে তেলের দাম, মার্কিন ডলার এবং সুদের হার বেড়ে যাওয়ায় সোনার ওপর চাপ তৈরি হয়েছে।
এদিকে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এবং ডলার সূচক বৃদ্ধির ফলে ডলার-নির্ভর সোনার চাহিদা আরও কমেছে। ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার ইঙ্গিত দেওয়ার পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান সংঘাত শুরু হওয়ার পর মার্চ মাসে সোনার দাম প্রায় ১১ শতাংশ কমেছে, যা ২০০৮ সালের পর সবচেয়ে বড় মাসিক পতন। এতে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির শঙ্কা আবারও জোরালো হয়েছে এবং ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে চাপ বাড়ছে। বর্তমানে ২০২৬ সালের বেশিরভাগ সময়জুড়েই যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা কম দেখা যাচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতির আগে ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ থাকলেও এখন তা কমে ১২ শতাংশে নেমে এসেছে। বিশ্ববাজারের এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে সাধারণত দেশীয় বাজারেও তার প্রতিফলন ঘটে। এর আগে, ১ এপ্রিল দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়।
বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে চলমান পরিস্থিতির কারণে যেকোনো সময় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন