দীর্ঘ বিরতির পর চীন সফরে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


দীর্ঘ বিরতির পর বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের নেতাদের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 


২০১৭ সালের পর এটি চীন সফরে ট্রাম্পের প্রথম সরকারি সফর। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার একাধিক দফায় বৈঠকে বসবেন ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে দুই দেশের বাণিজ্য ঘাটতি, তাইওয়ান প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আধিপত্য ও নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। 


 তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংকট। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সংকট নিরসনে চীনের সম্ভাব্য ভূমিকা এবং ওয়াশিংটনের প্রত্যাশা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্প ও শি জিনপিংয়ের এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নয়, বরং বিশ্ব ভূ-রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


বেইজিং সফর উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে চীন। অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব কিছুটা কমতে পারে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। 


 সূত্র: Al Jazeera