কেরানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ :
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:  ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঢাকার কেরানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সকালে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। 


এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। এ প্রণোদনা কাজে লাগিয়ে কৃষকরা রবি মৌসুমে ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, প্রকৃত কৃষকরা যেন হয়রানি ছাড়াই সরকারি সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।


কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁরা কাজ করে যাবেন। সভাপতির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক কৃষকদের বিতরণ করা বীজ ও সার বিক্রি না করে জমিতে ব্যবহারের আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার তুলে দেন।